Skip to main content

প্রেম

প্রেম

সুরোজিৎ ঘোষ

সেই বহুদিন আগে থেকে প্রেমে পড়েছি,
প্রথমে নীললোহিতের নীরা,
তারপর রবীন্দ্র সঙ্গীত আর পাহাড়ের কুয়াশা মাখা আঁকাবাঁকা পথ।
ধীরে ধীরে আরও প্রেমে পড়েছি,
নদীর ধারে মস্ত বটের পিছনে পড়ন্ত সূর্য,
আর বৈশাখের ঝড়-বৃষ্টি।
যখন বয়স কিছুটা বাড়ল, আবার প্রেমে পড়লাম;
সেদিন পথভ্রান্ত জন্মান্ধকে রাস্তা পার করে দেওয়া মেয়েটার,
আবার কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে ট্রেনের সিট ছেড়ে দেওয়াটাও থেমে থাকেনি।
তেমনই থেমে থাকেনি আমার বারেবারে প্রেমে পড়ার অভ্যাসটা!
বাড়িতে মা না থাকলে, আমার খেয়াল রাখা পাশের বাড়ির বৌদির প্রেমে পড়েছি,
ভাষা সাহিত্যের বিশ্লেষণ করতে গিয়ে প্রিয় ছাত্রী ‘মিষ্টির’ প্রেমে পড়েছি।
নারকেল গাছে বসে থাকা মাছরাঙা পাখির দিকে তাকিয়ে থেকেছি মুগ্ধতায়,
দুপুরের পাতে সর্ষে-ইলিশের প্রেমে পড়েছি,
আর বিরহে, প্রেমে পড়েছি রঙিন গ্লাসের।
শীতের কাঁপুনিতে সিগারেটকে আপন করেছি,
সে অভ্যেসে এখনো স্বচ্ছ প্রেমের প্রকাশ!
যেন আমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্যেই সে তৈরি,
অথচ  যখন সত্যিকারের নীরা প্রশ্ন করে, ‘প্রেম আসলে কী?’
আমি উত্তর দিতে পারিনা!


Comments

Popular posts from this blog

উদ্দালক

তোমার প্রেরণায় প্রতিভাত আমি সুষ্ঠ ভাবে ছন্দিত আজ; তোমার করণ-কৌশল অনুকরন করে সৃজিত হল গতিহীন কাজ। নিষ্কম্প দৃষ্টি তোমার স্বভাবানুগত উপমাহীন; মোর চিত্তের অনুগত প্রেম উৎকৃষ্ট তাই হয়েছে দীন! রকমারি প্রেম দেখা হলো শেষ, রাশিকৃত ক্রোধ ব্যপ্ত মনে; আয়ত্বাতীত তত্ত্ব বিচার সারা হলো আজ মনের কোনে!

শ্রেষ্ঠ নারী

মা তুমি, রক্ষা করেছো মোরে, শাড়ির উষ্ণ আঁচল দিয়েছো শীতের ভোরে। জানতো, দিনের আকাশে সূর্য তুমি, রাতের আকাশে চাঁদ, তোমার প্রেমের মানিক আমি, বোজাবো দুখের খাদ। যখন, বয়স গিয়ে ঠেকল ষাটে, পঁচিশে আমি দিলাম পা, সাফল্য তখন পেয়ে গেছি, কি'গো, তুমি খুশি তো ‘মা’! জানি, তোমার কোলে মানুষ হয়েছি, উচ্চ-মহলে পেয়েছি ঠাঁই; মা'গো তুমি শ্রেষ্ঠ নারী, এমন আপন আর কেউ নাই।

আমরা গরিব তাই

|| আমরা গরীব তাই || আমরা গরীব তাই মেনে নিতে হয়,। কাজ করে খেতে হবে ― মেধা পড়ে রয়; জীবন অভাবে ভরা, কিছু আয় চাই, কলেজে তাই আর পড়া হয় নাই। সকালেতে মাঠে যাই, বিকেলেতে দুঃখ, আগামীকাল ভাবার পরে চেহারাটা রুক্ষ। বুক ভরা স্বপ্ন, সফলতা পাব ঠিক! ― এই আশাতে বাঁচি, রুপকথার নিরিখ। বুকে বল মুখে হাসি, ভেতরটা পুড়ে ছাই, কিছুই করার নেই, আমরা গরীব তাই।। © সুরোজিৎ অবসাদে অবসর কাটানোর থেকে, কবিতা লেখাই ভালো।