একটুখানি বৃষ্টি দিলাম তোমায়, পারলে রাখ বন্ধ মুঠোয় ভরে, বিনিময়ে চাইনা কিছুই আমার, শুধু তোমায় নেব নিজের মত করে। তোমায় দেব মেঘলা বিকেল বেলা, আর দেবো জ্যোৎস্না মাখা চাঁদ, আসবে যখন ফিরিয়ে দেওয়ার পালা, আমায় দিও শক্ত একটা কাঁধ। আমায় দিও একটা কালো ছাতা, ভিজতে হলে ভিজব দু'জন মিলে, তুমি আমার শীতের ভোরের কাঁথা, গ্রীষ্মে যেমন আমার পাখা ছিলে! আমায় দিও একটা মনের মত বাড়ি, আমায় দিও স্নিগ্ধ একটা মন, ঝগড়া শেষে দেখলে আড়াআড়ি, তোমায় দেব আমার অনেক্ষন। © সুরোজিৎ ঘোষ (১০/০৪/২০২৫)
দিন শেষে রাত হলে, কবিতারা কথা বলে; সে ভাষা বুঝি না আমি, তাই ছুটি পিছু-পিছু — কই, তুমি তো বলনা কিছু! স্নিগ্ধ হাওয়ায় ভাসি, আমি-তুমি পাশাপাশি; সে ছোঁয়া বুঝিনা আমি, তাই যত কাছে যাই — তোমাতে হারিয়ে যাই! রাত শেষে দিন হলে, পাখিদের কোলাহলে; যেন আগের, একেলা আমি, যখনই আলোতে যাই — একা আমি, তুমি নাই!